সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু এখন ‘ধানের শীষের’ প্রচারক: এলাকায় তীব্র ক্ষোভ

IMG-20260204-WA0000

মতিন রহমান | বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জে চাঞ্চল্যকর সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের প্রধান আসামি ও সাধুরপাড়া ইউনিয়নের বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। একসময়ের দাপুটে এই আওয়ামী লীগ নেতা এখন ভোল পাল্টে ‘ধানের শীষের’ পক্ষে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। খুনের মামলার আসামির এমন আকস্মিক রাজনৈতিক অবস্থান পরিবর্তনে স্থানীয় রাজনীতিতে চরম উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত বছর পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে নাম আসে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর। ঘটনার পর আওয়ামী লীগ তাকে বহিষ্কার করে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করে। বর্তমানে জামিনে থাকা এই নেতার হঠাৎ ‘ভোল পরিবর্তনকে’ সচেতন মহল মূলত ‘নিজে বাঁচার কৌশল’ হিসেবে দেখছেন।

বাবুর এই বিতর্কিত কর্মকাণ্ডে বিব্রত ও ক্ষুব্ধ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা সাফ জানিয়ে দিয়েছেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। বিগত দিনে আওয়ামী লীগের দুঃশাসনে যারা বিতর্কিত হয়েছেন বা যাদের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে, তাদের স্থান বিএনপিতে হবে না। কেউ ব্যক্তিস্বার্থে নিজেকে রক্ষা করতে ধানের শীষের প্রচারণা চালালে তার দায়ভার দল নেবে না। অপরাধীর পরিচয় সে অপরাধীই।

বকশীগঞ্জ গণ অধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহাম্মেদ সুমন বলেন, জুলাই আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল, খুনের মামলার আসামির এমন প্রকাশ্যে ধানের শীষের প্রচারণায় তারা ক্ষুব্ধ ও মর্মাহত। যিনি সারাজীবন নৌকার দাপট দেখিয়ে সাধারণ মানুষ ও সাংবাদিকদের ওপর নির্যাতন চালিয়েছেন, আজ পিঠ বাঁচাতে ধানের শীষের স্লোগান দিচ্ছেন। এটি বিচারের হাত থেকে বাঁচার অপচেষ্টা মাত্র।

সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা শঙ্কিত যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক পরিচয় বদলালেও বাবার খুনিদের বিচার যেন নিশ্চিত হয়, এটাই আমাদের একমাত্র দাবি।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com