৩২ বছর আগে ক্রয়কৃত জমি আদালতের মাধ্যমে ফিরে পেলেন প্রকৃত মালিক

Dailyreporttm_20260730_222708_0000

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ 

ময়মনসিংহ: দীর্ঘ ৩২ বছর আগে ক্রয়কৃত জমি ৭ বছরের আইনি লড়াই ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের সাড়ে ৬ শতক ক্রয়কৃত জমি ফিরে পেয়েছেন প্রকৃত মালিক আবু বক্কর সিদ্দিক। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ঢাকঢোল পিটিয়ে ও লাল নিশানা গেড়ে আদালতের প্রতিনিধিদল আবু বক্কর সিদ্দিকের হাতে জমির দখল বুঝিয়ে দেন।

স্থানীয় সূত্র ও আদালত সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন সানকিপাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল জলিল ফকিরের ছেলে বাদী আবু বক্কর সিদ্দিকের সাথে সানকিপাড়া ক্যান্টনমেন্ট বাইলেন (এমপি চেকপোস্টের পিছনে) এলাকার বিবাদী আব্দুল হালিম, শফিকুল ইসলাম, সেলিম, শাহীনসহ অন্য বিবাদীদের জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।এই বিরোধের জেরে ময়মনসিংহের বিজ্ঞ মুক্তাগাছা সিভিল জজ আদালতে মামলা দায়ের করা হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আবু বক্কর সিদ্দিককে উক্ত জমির বৈধ ও প্রকৃত মালিক হিসেবে ঘোষণা করেন। আদালতের উচ্ছেদ ও দখল হস্তান্তরের নির্দেশ অনুযায়ী বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জমি মেপে লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এস.এ খতিয়ান ৩৪১, বি.আর.এস খতিয়ান ৪১৩, এস.এ দাগ নং ২১৬৪, ২১৬৫ এবং বি.আর.এস দাগ ৪১৯-এর অন্তর্ভুক্ত 'পুকুর' শ্রেণির সাড়ে ৬ শতাংশ জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

জমি হস্তান্তরের সময় ময়মনসিংহ জেলা জজ কোর্টের নাজির মোহাম্মদ মাহফুজুর রহমান, জজ কোর্টের সার্ভেয়ার ওয়াসিম এবং ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

জমির দখল ফিরে পেয়ে আবেগাপ্লুত আবু বক্কর সিদ্দিক বলেন, "দীর্ঘ ৩২ বছর পর আদালতের নির্দেশে, প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় আমি আমার জমি ফিরে পেয়েছি। আমার পরিবারের পক্ষ থেকে প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা জজ কোর্টের নাজির মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, আদালতের সুনির্দিষ্ট নির্দেশে আমরা ঘটনাস্থলে এসে জমির পরিমাপ শেষে ঢাকঢোল পিটিয়ে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিয়েছি। দেশে যে আইনের শাসন আছে এবং সঠিক বিচার প্রতিষ্ঠিত হয়, এ রায় তার একটি বড় প্রমাণ।

 


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com